দামুড়হুদায় নারীসহ দুই চোর আটক, গণধোলাই
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে ছাগল ও বাইসাকেল চুরি করার সময় নারীসহ দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাঁদেরকে উত্তম মাধ্যম দিয়ে থানায় সোর্পদ করে। আটককৃত দুই চোর হলেন- জীবননগর গুচ্ছপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর মেয়ে রোকেয়া খাতুন (৪০) ও বাঘাডাঙ্গা নতুন পাড়ার জাহাঙ্গীরের ছেলে চিহ্নিত চোর ফেরদৌস (৪২)। গতকাল মঙ্গলবার উপজেলার রঘুনাথপুর ও আটকবর থেকে তাঁদেরকে আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা নতুন পাড়ার জাহাঙ্গীরের ছেলে চিহ্নিত চোর ফেরদৌস দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে বাইসাইকেল-মোটরসাইকেল, গরু-ছাগলসহ বিভিন্ন মালামাল চুরি করে আসছেন। নিজে মোটরসাইকেলে যান, গ্রুপের অন্যদের মাইক্রোতে পাঠান, এ কৌশল অবলম্বন করে চুরি করে আসছিলেন। এ ধারাবাহিকতায় গতকাল আটকবর গ্রামে বাইসাকেলের তালা ভেঙে নিয়ে যাওয়ার সময় জনতার হাত ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি। পরে নাটুদাহ পুলিশ ফাঁড়ির এসআই এস এম আল মামুন তাঁকে জনগণের হাত থেকে উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেন।
একই দিনে জীবননগর গুচ্ছপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর মেয়ে রোকেয়া খাতুন লোকনাথপুর গ্রাম থেকে একটি কালো রংয়ের খাশি ছাগল চুরি করে নিয়ে রঘুনাথপুর গ্রামে বিক্রয় করতে আসেন। এতে জনগণের সন্দেহ হলে তাঁরা দামুড়হুদা মডেল থানা পুলিশের খবর দিলে এএসআই হায়দার আলী তাঁকে আটক করেন। পরে রঘুনাথপুর গ্রামের আমজাদ হোসেন বাদী হয়ে ওই নারীর নামে একটি মামলা দায়ের করেন। গতকালই তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স