প্রথম পর্যায়ে সপ্তাহে এক দিন ক্লাস
- আপলোড তারিখঃ
০৫-০৯-২০২১
ইং
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : স্কুলে-স্কুলে প্রস্তুতি, ক্লাসে ফিরবে প্রাণ
সমীকরণ প্রতিবেদন:
এক সপ্তাহ পরেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী রোববার থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণায় ইতোমধ্যে স্কুলে স্কুলে শুরু হয়েছে প্রস্তুতি। শিক্ষার্থীরা স্কুলে ফিরলে প্রাণ পাবে ক্লাসরুম। যদিও শুরুর দিকে প্রতিটি শ্রেণীর ক্লাস নিয়মিত হবে না। তবে পর্যায়েক্রমে শুরু হবে সব ক্লাসই। গতকাল শনিবার বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা স্কুল খোলার সিদ্ধান্তে জোর প্রস্তুতি নিতে শুরু করেছেন। অনেক স্কুলের শ্রেণিকক্ষ ও স্কুল আঙ্গিনাও ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এ দিকে আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে এক দিন ক্লাস করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শনিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেছেন, করোনার প্রথম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন, অফলাইনে তাদের শিক্ষাকার্যক্রম চালিয়ে নিলেও তা যথেষ্ট ছিল না। শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে ফিরিয়ে আনতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে যে তারিখ ঘোষণা করেছে সে অনুযায়ী ক্লাস শুরু হবে। আপাতত এক দিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা থাকলেও সময় আরো বাড়ানো যায় কি না তা নিয়ে আলোচনা করা হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসে যথাসময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নেয়া এখন প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। অন্য দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্কুল-কলেজের জন্য আবশ্যিকভাবে পালনীয় হিসেবে বেশকিছু নির্দেশনাও ইতোমধ্যে তৈরি করেছে তারা। এগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে মাউশি।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী জানান, আমরা স্কুল-কলেজ খোলার জন্য প্রস্তুত। বিভিন্ন স্কুল-কলেজও সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করণীয় ইতোমধ্যে তৈরি করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে নির্দেশনাগুলো স্কুল-কলেজগুলোতে পাঠিয়ে দেয়া হবে। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি স্কুল-কলেজ খোলার ঘোষণা দেয়ার পর গতকাল শনিবার সকালে থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষদের মধ্যে অন্যরকম একটি ব্যস্ততা দেখা গেছে। কবে খুলবে স্কুল এমন একটি অনিশ্চয়তার মধ্যে ছিলেন শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর সামগ্রিক প্রস্তুতি এখন জোরেশোরেই শুরু হয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে গত মাসের মাঝামাঝিতেই প্রাথমিক পর্যায়ের সব স্কুলের শিক্ষকদের নিয়মিত অফিসে আসার নির্দেশনা ছিল। তখন থেকেই মূলত ধারণা করা হয়েছিল যে, অচিরেই খুলতে পারে স্কুল-কলেজ।
রাজধানীর আরমানিটোলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান জানান, আমরা আরো বেশ কিছুদিন আগে থেকেই সরকারের নির্দেশনা মেনে নিয়মিত স্কুলে এসে অফিস করছি। এখন স্কুল খোলার ঘোষণায় আমাদের সামগ্রিক প্রস্তুতির কাজও শুরু হয়েছে। তিনি আরো জানান, ডিপিই’র নির্দেশনায় আমরা আরো কয়েক মাস আগে থেকেই স্কুল খোলার প্রস্তুতি নিয়ে রেখেছি। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল করিব দুলু এই প্রতিবেদককে জানান, শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবক সবাই স্কুল-কলেজ খোলার জন্য অধীর অপেক্ষায় ছিলেন। তবে আমরা মনে করি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার এবং করোনা-সংক্রান্ত টেকনিক্যাল কমিটি যেসব নির্দেশনা দিয়েছে প্রত্যেকটি স্কুল যেন সেসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে। মনে রাখতে হবেÑ আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে সবার আগে।
কমেন্ট বক্স