বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্তের অভিযোগ!

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২১ ইং
পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্তের অভিযোগ!
খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পদের স্থগিত নিয়োগ পরীক্ষা আজ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে একজন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (পুরুষ) ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভি জে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই নিয়োগ পরীক্ষা গত মাসের ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেসময় এ নিয়োগ নিয়ে মোটা অংকের অর্থ বাণিজ্যসহ স্বজনপ্রীতির অভিযোগ উঠলে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়। এরপর এ ঘটনায় ২৫ আগস্ট খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুলে অবরুদ্ধ করাসহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সেসময়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিক সুরাহা হলেও হুট করে নিয়োগ পরীক্ষা আয়োজনের কোনো কথা ছিল না। কিন্তু অনেকটা চুপিসারে আজ বৃহস্পতিবার এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যা নিয়ে আবেদনকারী অন্য প্রার্থীসহ অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে একজন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (পুরুষ) ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (পুরুষ) পদে ৪ জন ও নিরাপত্তাকর্মী পদে ৯ জন প্রার্থী আবেদনও করেন। কিন্তু দুটি পদেই প্রধান শিক্ষক মো. গোলাম সিদ্দিক একাধিক প্রার্থীর নিকট থেকে মোটা অংকের অর্থ লেনদেন করে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (পুরুষ) পদে খাসকররা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাশিদুল ইসলামকে ও নিজের বড় ভাই ইউনুস আলীর মেয়ে নুসরাত জাহান রিতাকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করার অভিযোগ ওঠে। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ২৫ আগস্টের পরীক্ষা স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই দুটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন উঠেছে স্থগিত হওয়া পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব রকম প্রসিডিউর মেনেছে কি না? আর যদি মেনেই থাকে, তবে ২৫ আগস্টের পরীক্ষা কেনই বা এক সপ্তাহের মধ্যে চুপিসারে আয়োজন করছে? এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি এক সাংবাদিককে বলেন, ‘হঠাৎ পরীক্ষার আয়োজন করেছে তারা। এ বিষয়ে আমি কিছু জানি না। এভাবে হঠাৎ পরীক্ষার আয়োজন করা নিয়মের মধ্যে পড়ে না।’ এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারীকে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিউজ করা লাগবে না। আমি দেখবনি। খরচ-পাতি নিয়ে চিন্তা করার দরকার নেই।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা ভি জে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য বিল্লাল হোসেন বলেন, এই দুটি পদে নিয়োগের বিষয়ে আমার তেমন কিছু জানা নেই।’ আপনার প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনি কি প্রসিডিউর মেনে এই পরীক্ষা আয়োজন করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা বিব্রত হয়ে বলেন, ‘আমাকে ৫-৬ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তাই আয়োজন করছি।’ এই উত্তরে এই প্রতিবেদককে বলেন, পরীক্ষা তো ৫-৬ দিন আগেই স্থগিত হয়ে গেছে, তাহলে কী স্থগিতের দিনই আবার পরীক্ষা আয়োজনের কথা আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আপনাকে জানিয়েছে, এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, না ২৬ আগস্ট না, ২৭ আগস্ট আমাকে জানিয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের মোবাইলে একাধিক বার রিং দিলে তিনি মোবাইলটা রিসিভ করেননি। এখন দেখার বিষয় আজকে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা কতটা স্বচ্ছ হয়। নাকি আগেই মোটা অংকের বিনিময়ে প্রার্থী চূড়ান্তের যে অভিযোগ উঠেছে, সেটা সত্যি হয়। সব প্রশ্নের উত্তর মিলবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা