আলমডাঙ্গায় ৮ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, থানায় অভিযোগ
- আপলোড তারিখঃ
০১-০৯-২০২১
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার ডাউকি গ্রামের আশরাফুল নামের এক যুবকের বিরুদ্ধে দরিদ্র এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। ওই কিশোরী বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়া ওই যুবক এখন নানা টালবাহানা শুরু করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিয়ের দাবি জানালে দরিদ্র ওই কিশোরীর স্বজনদের হুমকি দিয়েছে আশরাফুলের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই কিশোরীর পরিবার।
জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের রফিজ মুন্সির ছেলে বিদেশ ফেরত আশরাফুল হক বিবাহিত ও এক সন্তানের জনক। তারপরও তিনি প্রতিবেশী এক দরিদ্র অসহায় কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর গর্ভের সন্তান অপসারণ করার জন্য তাঁকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তাঁরা গোপনে বসে ওই কিশোরীর নামে ১০ লাখ টাকা দিয়ে বিয়ে করবে মর্মে আপস মীমাংসা করে। আপস হওয়ার পর তাঁরা আজ-কাল করে বিয়ে না করে টালবাহানা শুরু করে।
একপর্যায়ে গতকাল মঙ্গলবার কিশোরীর চাচাসহ তাঁর স্বজনরা বিয়ের জন্য আশরাফুলের স্বজনদের কাছে গেলে তারা বিয়ে করবে না এবং বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে তুলে নিয়ে গিয়ে উধাও করে দেবে বলে হুমকি দেয়। এ ঘটনার পর ওই কিশোরীর চাচা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কমেন্ট বক্স