চুয়াডাঙ্গায় জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
- আপলোড তারিখঃ
২২-০৮-২০২১
ইং
চিরনিদ্রায় শায়িত বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান রাবিয়া খাতুন
নিজস্ব প্রতিবেদক:
চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মরহুম হাজি মোজাম্মেল হকের স্ত্রী বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান রাবিয়া খাতুন। গত শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গায় দ্বিতীয় জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার পূর্বে মরহুমার বড় ছেলে বঙ্গজ-তাল্লু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক মুন্নু তাঁর মায়ের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
চুয়াডাঙ্গা শহরের ইর্মাজেন্সি রোডের রাবিয়া খাতুনের বাসভবনে গত শুক্রবার ছিল দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভিড়। সবাই এসেছেন তাঁকে শেষবারের মতো এক নজর দেখতে। গত বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। রাবিয়া খাতুন ১৯৪১ সালের ১ জানুয়ারি চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মরহুম হাজি মোজাম্মেল হকের সাথে ঘর বাধেন। ২০১৭ সালে স্বামীর মৃত্যুর পর থেকে ঢাকায় ছেলেদের সাথে থাকতেন রাবিয়া। বয়সজনিত নানান শারীরিক সমস্যায়ও ভুগছিলেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার ভোরে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রাবিয়া খাতুন একজন ধার্মিক এবং দানশীল নারী ছিলেন। মা হিসেবে তিনি ছিলেন গর্বিত। তাঁর তিন ছেলেই উচ্চশিক্ষিত। দেশের স্বনামধন্য শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী কর্মকর্তা ও পরিচালক হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তাঁরা।
কমেন্ট বক্স