রাবিয়া খাতুনের মৃত্যু, আজ চুয়াডাঙ্গায় দাফন
- আপলোড তারিখঃ
২০-০৮-২০২১
ইং
সাবেক সাংসদ মোজাম্মেল হকের স্ত্রী বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম হাজি মোজাম্মেল হকের স্ত্রী বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান রাবিয়া খাতুন আর নেই। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর বড় ছেলে রফিকুল হক মুন্নু বঙ্গজ-তাল্লু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর প্রধান সম্পাদক। মেজো ছেলে মাহবুবুল হক তাল্লু বঙ্গজ-তাল্লু গ্রুপের পরিচালক। ছোট ছেলে আতিকুল হক মিথুন বঙ্গজ-তাল্লু গ্রুপের সিইও।
মরহুমা রাবিয়া খাতুন ১৯৪১ সালের ১ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
রাবিয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শরীফুজ্জামান শরীফ প্রমুখ।
এদিকে, বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান রাবিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।
কমেন্ট বক্স