সাংবাদিক সোহেল রানা ডালিম আশঙ্কামুক্ত
- আপলোড তারিখঃ
২০-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক সোহেল রানা ডালিম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁর শরীরে জখম স্থানের ব্যান্ডেজ খোলা হয়েছে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত এবং আগামী শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়।
জানা যায়, গত সোমবার রাতে দুদফায় তাঁকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ওরফে কানা রাজু, জান্নাত, আল-মমিনসহ তাঁদের সজযোগীরা। গুরুত্বর জখম অবস্থায় সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ডালিমকে চিকিৎসকের নিবির পর্যরবক্ষণে রাখা হয়। ওইদির রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ওরফে কানা রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় কানা রাজুর সহযোগীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পর দিন দুপুরে মামলার এক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে নূরনগর কলোনীপাড়া থেকে এজহারভুক্ত আরও দুই আসামী ছাত্রলীগ কর্মী জান্নাত হোসেন ও আল মমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই গ্রেপ্তার তিনজনকে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সাংবাদিক ডালিমের শারীরিক অবস্থার কথা জানিয়ে সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘সাংবাদিক ডালিমের শরীরে ব্যান্ডেজ খোলা হয়েছে। তাঁর হাতের জখম ছাড়া অন্য সকল ক্ষত শুকাতে শুরু করেছে। এখন আর রক্ত দেওয়ার প্রয়োজন মনে করছি না। আগামী শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছটি দেওয়া হবে। হাসপাতাল থেকে ছুটি পেলেও তাঁকে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং নিয়মিত ড্রেসিং করতে হবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক ডালিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এবং তাঁর ওপর আবারও কোন হামলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে কেবিনের সামনে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা নিয়োজিত আছেন।
কমেন্ট বক্স