‘বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিতে হবে’
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২১
ইং
চুয়াডাঙ্গায় কৃষক লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জেলা আ.লীগের সম্পাদক আজাদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির পিতার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র তাকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। এই হত্যার মধ্যদিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামাকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা। এই জঘন্য হত্যাকান্ডের সঙ্গে জড়িত স্বাধীনতাবিরোধী চক্র পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকেই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা কেবল দেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। আমি শোকাহত চিত্তে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘সময় এসেছে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশবাসীর সংকটময় এ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর। আর এটাই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর একটি উত্তম প্রয়াস।’
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক চুয়াডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আশরাফ আলী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দিপন, চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল। অনুষ্ঠানে জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স