যুবলীগ পরিচয়ে ধর্ষণ মামলার আসামির ১৫ আগস্টের বিলবোর্ড!
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মাদকাসক্ত কথিত টিকটক মডেল আশিকুর রহমান রোমেল। যুবলীগের কোনো পদে নেই। দলের সঙ্গে নেই কোনো ঘনিষ্ঠতা বা ন্যূনতম সম্পর্ক। একাধিকবার নারীসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। ঝিনাইদহ শহরে উঠতি বয়সী তরুণীদের নিয়ে দেহব্যবসাসহ নিজেও নারী কেলেঙ্কারি মামলার আসামি। সেই ধর্ষক রোমেল ১৫ আগস্টের বিলবোর্ড তৈরি করে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে টাঙিয়েছে। বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের ছবি ব্যবহার করেছেন। রোমেল নিজের পদবি লিখেছেন জেলা যুবলীগের সদস্য। অথচ ছবি ব্যবহারকারীরা রোমেলকে চেনেন না। এ ঘটনা নিয়ে ঝিনাইদহ যুবলীগে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল জানান, ‘রোমেল একজন মোবাইল চোর। আমি নিজে তাকে মোবাইল চুরির দায়ে ধরেছি। সে আমাদের সংগঠনের দূরতম কোনো নেতা, কর্মী বা সমর্থক নয়।’
ঝিনাইদহ জেলা যুবলীগের আরেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল জানান, ‘আশিকুর রহমান রোমেল যুবলীগের কোনো ইউনিটের প্রাথমিক সদস্যও নয়। সে কীভাবে এই ব্যানার-বিলবোর্ড লাগালো আমরা জানি না। জেলা যুবলীগের অনেকেই মনে করেন মাদক ও নারী ব্যবসা বাঁধাহীনভাবে করার জন্যই রোমেল যুবলীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।’
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, আশিকুর রহমান রোমেল শহরের মহিলা কলেজপাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে। তাঁর বিরুদ্ধে আগে মাদক ও নারীঘটিত মামলা চলমান। গতকাল বৃহস্পতিবার রোমেলের বিরুদ্ধে নতুন করে আরও একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এক নারী টিকটকারকে ইয়াবা সেবন করিয়ে সারা রাত ধর্ষণ করে রোমেল ও তাঁর সঙ্গী বিডিআর মিলন। ধর্ষণের ভিডিও ধারণ করে ওই যুবতীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে এজাহারের উদ্বৃতি দিয়ে ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।
কমেন্ট বক্স