চুয়াডাঙ্গায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া থেকে চোরাই ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার খেরকীডাঙ্গী গ্রামের আবু শামার ছেলে রাজু (২৯), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহাপাড়া এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ আলী (৩২), আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে মানিক (২১), চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার রিয়াজ উদ্দীনের ছেলে মুকুল উদ্দীন (২৮) ও সাতগাড়ী এলাকার মৃত গহর আলীর ছেলে রশিদ খান (৫৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দক্ষিণপাড়ার আরিফুল ইসলামের একটি ইজিবাইক তাঁর বাড়ি থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় ইজিবাইকের মালিক আরিফুল ইসলাম চুরির বিষয়ে সদর থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইজিবাইক উদ্ধারসহ চোরকে আটক করতে মাঠে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে এই চক্রটি ইজিবাইক, নসিমন, করিমনসহ দেশীয় থ্রি-হুইলার ও বিভিন্ন ইঞ্জিনচালিত যানবাহন চুরির সাথে জড়িত। এছাড়াও চক্রটি বাস-ট্রাক চুরির সাথেও জড়িত। বাস-ট্রাক চুরি করে তার থেকে ব্যাটারি, তেল ও বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে চোরাই বাস-ট্রাকগুলো অন্য জেলার সড়কের ধারে রেখে পালিয়ে যায়।
একপর্যায়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ তাঁদের বিভিন্ন উন্নত তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে চক্রটির অবস্থান নির্ণয় করে অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদে খানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আহসানুর রহমান, হাসানুজ্জামান, ইমরান হোসেনসহ সদর থনার একটি চৌকস পুলিশ দল এই চক্রটিকে ধরতে মাঠে নামে। পরে গতকাল সকাল ১০টার দিকে তাদেরকে গ্রেপ্তারসহ কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার একটি গ্যারেজ থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আদালতে সোপর্দ করেন।
আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, একটি ইজিবাইক চুরির ঘটনায় তদন্তে নেমে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে এরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এরা বাস-ট্রাক চুরির সাথেও জড়িত। বাস-ট্রাক চুরি করে তার থেকে তেল, ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে বাস-ট্রাক অন্য জেলার সড়কের ধারে রেখে পালিয়ে যেত। তিনি আরও জানান, এই চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে সদর থানার পুলিশ।
কমেন্ট বক্স