গাংনীর সাহারবাটিতে গৃহবধুর লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীর উপজেলার সাহারবাটি গ্রামে স্বর্ণালী খাতুন (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণালী খাতুন সাহারবাটি গ্রামের শুকুর আলী ওরফে পটলের মেয়ে ও আলী হোসেনের স্ত্রী। নিহত স্বর্ণালীর মরদেহ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
শ্বশুর বাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে, এমন অভিযোগ করেন স্বর্ণালীর পিতা শুকুর আলী পটল। বেলা ১১টার দিকে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্বর্ণালী খাতুনের চাচাতো ভাই মিঠুন জানান, ৯-১০ মাস আগে স্বর্ণালীর সাথে বিয়ে হয় প্রতিবেশী আলী হোসেনের সাথে। গতকাল সোমবার সকালে স্বর্ণালীর মৃত্যুর খবর শুনি। শ্বশুর বাড়ির লোকজন বিষয়টিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার গুজব রটায়। পরে তাঁর গলায় আঘাতের চিহ্ন থাকায় লাশ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে স্বর্ণালীর স্বামী পক্ষের লোকজন পলাতক রয়েছেন। তবে বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করেছেন স্বর্ণালীর শ্বশুর বাড়ির লোকজন। তবে হত্যা না কি আত্মহত্যা এই নিয়ে দ্বিধা-দ্বন্দে রয়েছেন স্থানীয়রা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুুর রহমানকে একাধিকবার মোবাইল করা হলে তিনি সাংবাদিকদের মোবাইল কল রিসিভ করেননি। পরে থানায় যাওয়া হলেও তাঁকে থানায় পাওয়া যায়নি। ডিউটি অফিসার নাসির উদ্দিন জানান, একটি অপমৃত্যু মামলা দেখিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স