চুয়াডাঙ্গায় সিনোফার্মের টিকার মজুদ শেষ
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সিনোফার্মের টিকার মজুদ শেষ হওয়ায় আজ থেকে বন্ধ থাকবে করোনা টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম। তবে যারা প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন, তাঁরা দ্বিতীয় ডোজ টিকা পাবেন। সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগ অ্যাস্ট্রাজেনেকার ২৮ হাজার টিকার সরবরাহ পেয়েছে। জেলায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার পরে টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় ছিলেন ২৬ হাজার ৭৬৭ মানুষ। গতকাল রোববার থেকে থেকে পর্যায়ক্রমে তাঁদের সকলকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা শুরু হয়েছে। এর মধ্যে গতকাল ২৩৬ জনকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি জেলার চার উপজেলায় বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় অ্যাস্টাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। ৮ এপ্রিল থেকে শুরু হয় জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জেলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ১০৪ জন। এই টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় ছিলেন ২৬ হাজার ৭৬৭ জন। গত ২০ মে করোনা টিকার মজুদ শেষ হওয়ায় জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপূর্বে গত ২৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কার্যক্রম। আর অনলাইনে করোনা টিকার রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে গত এপ্রিল মাসের ১৫ তারিখে। তবে ১৫ এপ্রিলের পূর্ব পর্যন্ত প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেও ৮ হাজার ৪০৫ জন টিকা পেতে বাকি ছিলেন।
এরপর গত জুন মাসের ১৭ তারিখে জেলা সিভিল সার্জন অফিসে ৪ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন এসে পৌঁছায়। ১৯ তারিখ থেকে এই ৮ হাজার ৪০৫ জনের মধ্যে পর্যায়ক্রমে সিনোফার্মের টিকা প্রদান শুরু হয়। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে জেলা সিভিল সার্জন অফিসে আরও কয়েক হাজার টিকা এসে পৌঁছালে ৭ জুলাই থেকে আবার খুলে অনলাইন টিকা রেজিস্ট্রেশন সাইট খুলে দেওয়া হয়। তবে গত ৭ আগস্ট একদিনে জেলাব্যাপী গণটিকাদান ক্রার্যক্রমে ২৪ হাজার মানুষকে সিনোফার্মের টিকা প্রদাণ করায় টিকার মজুদ শেষ হয়ে গেছে। জেলায় এ পর্যন্ত চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭০ হাজার ২১১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ হাজার ৩০৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গতকাল পর্যন্ত জেলার মোট ১ লাখ ৮৫ হাজার মানুষ টিকা নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন জেলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ৩৪০ জন। এদিকে, চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৭০ হাজার ২১১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ হাজার ৩০৫ জন।
কমেন্ট বক্স