জীবননগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে একটি মাঠ থেকে মিরাজ হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের পার্শ্ববর্তী বেলে মাঠের চতুর মিয়ার আমবাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত মিরাজ হোসেন কয়া গ্রামের উত্তরপাড়ার মোশাররফ হোসেনের ছেলে। মিরাজ পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহত মিরাজের পিতা মোশাররফ হোসেন জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদিন আগে ছেলে মিরাজের সাথে তাঁর মনোমালিন্য হয়। এরই জের ধরে গত শনিবার বিকেল থেকে মিরাজ আর বাড়িতে ফেরেননি। গতকাল রোববার সকালে গ্রামের কৃষকরা গ্রামের পার্শ্ববর্তী বেলে মাঠে কাজ করতে গিয়ে আমবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহ দেখতে পান। এরপর তাঁরা বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিরাজের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের একটি আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মিরাজ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স