খালি সিলিন্ডার দিলেই মিলবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার
- আপলোড তারিখঃ
১২-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের সেবাই তারা দেবী ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের সেবায় অক্সিজেন সিলিন্ডার ফ্রি রিফিলের উদ্যোগ নিয়েছে তারা দেবী ফাউন্ডেশন। করোনা রোগীর সেবার কাজে ব্যবহৃত খালি সিলিন্ডার তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটে জমা দিলেই ফ্রিতে পাওয়া যাবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার।
জানা গেছে, করোনা মহামারির এই সংকটময় মুহূর্তে তারা দেবী ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীর জন্যে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। এমনকি কেউ কেউ ব্যক্তি উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়িতে সেবা নিচ্ছেন। কিন্তু করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের ফলে প্রায় সকল ধরনের যানবহন বন্ধ থাকায় অনেকে অক্সিজেনের সিলিন্ডার খালি পড়ে থাকলেও রিফিল করার জন্য তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এধরনের সমস্যা সমাধানের লক্ষে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ফ্রি রিফিল করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে কোনো বাক্তি বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে খালি অক্সিজেন সিলিন্ডার তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট অফিসে জমা দিলে তা তারা দেবী ফাউন্ডেশনের অর্থায়নে রিফিলের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা নিজ উদ্যোগ ও অর্থায়নে এই মহামারিতেও মানব সেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবহিকতায় খালি সিলিন্ডার তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটে জমা দিলেই ফ্রিতে মিলবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার।
কমেন্ট বক্স