বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফার্মেসি মালিক তোকিমকে ১৯ মাসের জেলসহ জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২১ ইং
ফার্মেসি মালিক তোকিমকে ১৯ মাসের জেলসহ জরিমানা
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে অবস্থিত সুরুজ ফার্মেসি নামের একটি ওষুধের দোকান থেকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসী মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াাডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪৮৩ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের পর ফার্মেসী মালিককে গ্রেপ্তার করে। এসময় সেখান থেকে এক ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড শেষে জেল-হাজতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শহরের বড় মসজিদপাড়ার মৃত আলতাব শেখের ছেলে মনির হোসেন তোকিম (৫১) ও আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়চাপড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজাদুর রহমান বিপ্লব (৪০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা রেল বাজার রেলগেট সংলগ্ন সুরুজ ফার্মেসীতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৪টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সুরুজ ফার্মেসীতে অভিযান চালান। এসময় ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪৮৩ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে গ্রেপ্তার করা হয় ফার্মেসী মালিক মনির হোসেন ওরফে তোকিমকে। অপরদিকে, সুরুজ ফার্মেসীর সামনে থেকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের আজাদুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। এসময় বিপ্লবের কাছ থেকে ৮ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব সুরুজ ফার্মেসী থেকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট কিনে বাড়ি ফিরছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ ফার্মেসীর মালিক মনির হোসেন ওরফে তোকিমকে ১ বছর ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন এবং বিপ্লবকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেল-হাজতে পাঠানো হয়েছে। এদিকে, পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মতিয়ার রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার যাদবপুর মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরির্দশক আব্দুল্লাহ আল মামুন ও উপ পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিয়ার রহমানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমানকে জেল-হাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ছিলেন পেশকার আব্দুল লতিফ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’