চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে জখম!
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চা খাওয়ার বকেয়ার পাওনা টাকা চাওয়ায় দৌলাতদিয়ার দক্ষিণপাড়ার ব্রীজ মোড়ের চায়ের দোকানদার বদর উদ্দীনকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এঘটনায় শিপন নামের একজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রাতে দৌলাতদিয়ার দক্ষিণপাড়ার ব্রীজ মোড়ে বদর উদ্দীনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দৌলাতদিয়ার চুনুড়িপাড়ার শাওন দীর্ঘদিন ধরে বদর উদ্দীনের দোকানে বাকীতে চা-পান করে আসছে। গতকালও বাকীতে চা চাইলে দোকানদার পূর্বের বাকী টাকা দাবি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে দোকানদারকে গালিগালাজ করতে থাকে। দোকানদার বদর উদ্দীন গালিগালাজ করতে নিষেধ করলে দৌলাতদিয়ার চুনুড়িপাড়ার মিন্টুর ছেলে সেতু (২৩) ও জ্বিনতলাপাড়ার মৃত সালামের ছেলে শাওন (৩২) ও একই এলাকার সামসুল হকের ছেল শিপন আলী (৩৩) ধারালো দেশীয় অস্ত্রসহ লাঠিশোঠা দিয়ে বদর উদ্দীনের উপর হামলা করে। এতে দোকানদার বদর উদ্দীন মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়অহেদ মাহমুদ রবিন বলেন, ‘বদর উদ্দীনের মাথায় একটি ধারালো দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জখম স্থানে চারটা সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘পূর্ব বিরোধের গতকাল মাথাভাঙ্গা ব্রিজের নিচে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। এ ঘটনায় সদর থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স