প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৯-০৬-২০২১
ইং
চুয়াডাঙ্গায় নেশার টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধরের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সাতগাড়িতে নেশার টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধরের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় দুই যুবককে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে হাসান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি দক্ষিণ কবরস্থানপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা হাসানকে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে ও আহত দুই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। আহত দুই যুবক হলেন- সাতগাড়ি দক্ষিণ কবরস্থানপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোমিন (৩০) ও মৃত গিয়াস উদ্দীনের ছেলে মিরাজ উদ্দীন (২৯)। অভিযুক্ত হাসান সাতগাড়ি দক্ষিণ কবরস্থানপাড়ার রশিদ মোল্লার ছেলে।
জানা যায়, মাদকাশক্ত হাসান প্রায়ই সময় টাকার জন্য তাঁর পিতা মাতার ওপর চাপ প্রয়োগ করে। টাকা না দিলে গালমন্দও করে। গতকাল টাকার জন্য হাসান তার পিতা মাতাকে গালমন্দ করছিলো। এসময় স্থানীয় দুই যুবক মোমিন ও মিরাজ প্রতিবাদ করলে হাসান তার হাতে থাকা বটি ওই দুজনকে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে হাসানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে ও আহত দুজনকে সদর হাসপাতালে নেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানকে আটক করে। স্থানীয়দের মারধরে হাসানও আহত হওয়ায় সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে পুলিশ তাঁকে থানা হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘মাদকাশক্ত হাসান টাকার জন্য তার পিতা-মাতার ওপর চাপ দেয়। এসময় স্থানীয় দুই যুবক প্রতিবাদ করলে হাসান বটিদিয়ে ওই দুজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
কমেন্ট বক্স