চুয়াডাঙ্গার মডার্ন প্যাথলজিতে আবার ভুল রিপোর্ট!
- আপলোড তারিখঃ
১৭-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মডার্ন প্যাথলজির বিরুদ্ধে মামুনুর রশিদ জনি (৩২) নামের এক রোগীর ডায়াবেটিস (র্যানডম ব্লাড সুগার) পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সদর হাসপাতাল সড়কের মডার্ন প্যাথলজিতে মামুনুর রশিদ জনি তাঁর শরীরের ডায়াবেটিস (র্যানডম ব্লাড সুগার) পরীক্ষা করাতে গেলে এ ঘটনা ঘটে। এদিকে, ভুক্তভোগী জনি তাঁর শরীরে ডায়াবেটিস (র্যানডম ব্লাড সুগার) পরীক্ষা সঠিক ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে সদর হাসপাতাল সড়কের সনো সেন্টার থেকে পুনরায় একই পরীক্ষা করান। সেখানে পরীক্ষার তারতম্য দেখে তিনি মডার্ন প্যাথলজির বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ তোলেন।
মামুনুর রশিদ জনি বলেন, ‘আমি ডায়াবেটিসে আক্রান্ত একজন রোগী। নিয়মিত আমার ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা নিতে হয়। আজ (গতকাল বুধবার) বিকেলেও চিকিৎসা নিতে চুয়াডাঙ্গার সনো সেন্টারে আসি। চিকিৎসক আমার ডায়াবেটিস পরীক্ষা করাতে বলেন। পরীক্ষা করানোর জন্য বিকেল পাঁচটার দিকে আমি হাসপাতাল সড়কের মডার্ন প্যাথলজিতে যায়। প্যাথলজি থেকে আমার রক্তের স্যাম্পল নেয়। এরপর তারা পরীক্ষার রিপোর্ট দেয়। রিপোর্ট দেখে আমি হতবাক, আমার রিপোর্টে ডায়াবেটিস এর মাত্রা এসেছে ২৪.৮। আমি নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে এসেছি এত মাত্রার ডায়াবেটিক থাকলে আমিতো বিছানা থেকে উঠতেই পারতাম না। রিপোর্ট নিয়ে আমার সন্দেহ হলে আমি সাড়ে পাঁচটার দিকে সনো সেন্টারে ডায়াবেটিক পরীক্ষার জন্য নমুনা দিই। সেখানে আমার পরীক্ষার রিপোর্ট আসে ১৬.০। একই রক্তে দুই যায়গাই দুই রকম রিপোর্ট। আমি ওই প্যাথলজির বিরুদ্ধে সিভিল সার্জন অফিসে অভিযোগ করবো।’
মডার্ন প্যাথলজির সত্ত্বাধিকারী আশাবুল হক বলেন, ‘ওই ব্যক্তি বিকেল পাঁচটার দিকে ডায়াবেটিস পরীক্ষার জন্য আমার প্যাথলজিতে আসে। ডায়াবেটিস পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্যাথলজিতে সঠিকভাবে তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছে। মানুষের শরীরে ডায়াবেটিসের মাত্রা অল্প সময়ের মধ্যে কম বা বেশি হতে পারে।’
মডার্ন প্যাথলজির ল্যাব ইনচার্জ আশরাফুল হক বলেন, ‘পরপর দুইবার ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। দুইবারই ডায়াবেটিসের মাত্রা ২৪.৮ এসেছে। পরীক্ষার ফলাফল সাপেক্ষে তাঁর রিপোর্ট প্রদান করা হয়েছে।’
এবিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, ‘এক ঘণ্টার ব্যবধানে মানুষের শরীরের ডায়াবেটিসের মাত্রার মধ্যে তারতম্য হতে পারে। মিষ্টি জাতীয় কিছু খেলে বা পান করলে ডায়াবেটিসের মাত্রা হঠাৎ করেই বেড়ে যেতে পারে। তবে এক ঘণ্টার ব্যবধানে ডায়াবেটিসের মাত্রা ২৪.৮ থেকে ১৬.০ তে আসাটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে।’
কমেন্ট বক্স