মেহেরপুরের তিন গ্রামে ‘লকডাউন’
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২১
ইং
সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেহেরপুরের তিনটি গ্রামকে ‘লকডাউন’ ঘোষণা করেছেন মেহেরপুর জেলা প্রশাসক। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পযর্ন্ত জেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় জানানো হয় ১৫ জুন সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত জেলার সকল দোকানপাট বন্ধ রাখতে হবে। একইসাথে মেহেরপুর থেকে রাজশাহী যোগাযোগের বিআরটিসি বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সভায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস এবং গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ও হিন্দা গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রত্যেককে মাস্ক পরিধান ব্যতিত বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
ভার্চুয়াল সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সাংবাদিক মিজানুর রহমান, ফজলুল হক মন্টু বক্তব্য রাখেন।
কমেন্ট বক্স