বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুসল্লিদের উচ্ছ্বাস প্রকাশ, মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২১ ইং
মুসল্লিদের উচ্ছ্বাস প্রকাশ, মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া
চুয়াডাঙ্গায় নবনির্মিত জেলা মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায় সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে জুমার নামাজের মধ্যদিয়ে নামাজ আদায় শুরু হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে এ মডেল মসজিদে। আধুনিক দৃষ্টিনন্দন মসজিদটি গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। মসজিদটিতে প্রথম নামাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ইসলামের সঠিক জ্ঞান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মসজিদটি। ইসলামের সঠিক মর্মবাণী প্রচার হবে এখান থেকে। এ মডেল মসজিদে হবে গবেষণা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চা কেন্দ্র। এদিকে, প্রথম দিনের প্রথম জামাতে অংশ নিতে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে জুমার নামাজ আদায় করতে আসেন বহু মুসল্লি। আপাতত মসজিদের দ্বিতীয় তলায় নামাজ আদায়ের কথা থাকলেও, প্রথম দিনে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা পূর্ণ হয়েও অনেকে জায়গা পাননি। এতো বেশি মানুষ নামাজ আদায়ের জন্য আসেন যে, একসঙ্গে ১ হাজার ২ শ মুসল্লি নামাজ আদায় করতে পারার স্থান পূর্ণ হয়ে যায়। সে হিসেবে প্রথম দিনে ১২ শ মুসল্লিরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে আসেন। আধুনিক ও একসাথে এত লোক নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নামাজের আগে ঘণ্টাব্যাপী কোরআন-হাদিসের আলোচনা করেন মসজিদের ইমাম। নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাতসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করা হয়। এ ছাড়া দর্শনার্থীরা এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখার জন্য ছুটে আসছেন। নামাজ আদায় করতে আসা কয়েকজন মুসল্লি জানান, এতো সুন্দর নান্দনিক মসজিদ আমাদের এলাকায় নির্মাণ করেছে সরকার। এতে করে ইসলামের আরও প্রসার-প্রচারসহ কোরআন-হাদিসের সঠিক ব্যাখা জেনে মুসলমানরা উপকৃত হবে। এ কারণে আমরা সবাই এখানে নামাজ আদায় করে বেশ উচ্ছ্বসিত।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’