সাংবাদিককে হাতকড়া পরিয়ে জেলহাজতে প্রেরণ
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের ফতেপুরে ভৈরব নদ ও মরাগাং-এর মাটি বিক্রি ও মাটি বিক্রির নেতা মিলন মেম্বারের নেতৃত্বে গ্রামবাসীর বাড়িঘর ভাঙচুরের নিউজ করায় অনলাইন পোর্টাল মেহেরপুর প্রেসের সম্পাদক, দৈনিক গণকন্ঠ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান জনিকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। আদালত থেকে জনিকে হাতকড়া পরিয়ে জিআর পুলিশের হেফাজতে ও পরে সেখান থেকে জেলহাজতে নেওয়া হয়। এসময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছবি ও ভিডিও ধারণে বাঁধা দেয় কোর্ট (জিআরও) পুলিশ।
গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে মিজানুর রহমান জনি আত্মসমর্র্পণ করে জামিনের আবেদন করলে তাঁকে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মেহেরপুর প্রেসের আনলাইন পেজ থেকে মাটি বিক্রির লাইভ প্রচার করা হয়। এরপর ১৭ ও ১৮ এপ্রিল বিভিন্ন পত্র-পত্রিকাতে মাটি বিক্রির সংবাদ প্রকাশিত হয়। এতে দিনমজুর তবিরুল ইসলাম টাবু বাদী হয়ে দণ্ডবিধি ১৪৩/ ৩২৩/ ৩৮৫/ ৫০৬/ ৩৪ ধারায় মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৯। মামলার অপর আসামিরা হলেন- মহাসিন, মফিজুর রহমান, ইসরাফিল হোসেন, লাল্টু, আরিফুল এবং সাইদুর রহমান। তবে তবিরুল ইসলাম টাবু এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা এক্সকাভেটর চালক সজীব ও সহকারী আব্দুল কুদ্দুসের নিকট ৩ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তাঁরা চাঁদা দিতে অস্বীকার করলে চালক ও সহযোগীকে মারধর করেন।
কমেন্ট বক্স