কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন আরও ৬৫ জন
- আপলোড তারিখঃ
০৫-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা আরও ৬৫ জনকে টানা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট কোয়ারেন্টিন থেকে ৫০ জন, হোটেল শয়ন বিলাস ও হোটেল ড্রিম গার্ডেন থেকে ১০ জন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণের নার্সিং ইনস্টিটিউটের পাশের কোয়ারেন্টিন সেন্টার থেকে ৫ জনসহ মোট ৬৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়।
জানা যায়, ২১ মে ভারতীয় উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করে এই ৬৫ জন ভারতের নদীয়া জেলার গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথ দিয়ে দেশে ফেরেন তাঁরা। দেশে প্রবেশের পর তাঁদের সবার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদেরকে বিশেষ পরিবহন ব্যবস্থায় নির্ধারিত কোয়ারেন্টিনে নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিন পূর্ণ হওয়ায় গতকাল তাঁদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে, গতকাল শুক্রবার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন কেউ দেশে প্রবেশ করেনি। গত ১৬ মে থেকে এখন পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে মোট দেশে ফিরেছে ভারতে আটকেপড়া ৭৪৭ জন। এর মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, ২১ মে দেশে প্রবেশের পর ৬৫ জনকে কোয়ারেন্টিনের জন্য তাদের বিশেষ পরিবহন ব্যবস্থায় হোটেলসহ নির্ধারিত বিভিন্ন কোয়ারেন্টাইনে নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পূর্ণ হওয়ায় গতকাল তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
কমেন্ট বক্স