কোভিডে দেশের আরও ৪০ জনের মৃত্যু
- আপলোড তারিখঃ
২৬-০৫-২০২১
ইং
চুয়াডাঙ্গায় মৃত নারীসহ নতুন ১০ জনের নমুনায় করোনা শনাক্ত
সমীকরণ প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৫ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৪১ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৪৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন মারা গেছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জহুরা বেগম (৬০) নামের এক মৃত নারীর নমুনাসহ নতুন ১০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য প্রকাশ করে। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৩৯ জন। নিহত জহুরা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, গত ২৩ মে রাত সাড়ে নয়টায় পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ্য অবস্থায় জহুরা বেগমকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জহুরা বেগমের শরীরে করোনা উপসর্গ স্বর্দী, জর ও শ্বাসকষ্ট থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। ওইদিন রাতেই তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গতকাল নমুনার ফলাফল পজিটিভ আসে।
গতকাল জেলায় নতুন আক্রান্ত অন্য নয়জনের মধ্যে সদর উপজেলার তিনজন, দামুড়হুদার ছয়জন ও জীবননগরের একজন রয়েছেন। চুয়াডাঙ্গায় মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১৯ জন, আলমডাঙ্গায় ৩৬২ জন, দামুড়হুদায় ৩৪৯ জন ও জীবননগরে ২০৯ জন। গতকাল জেলায় করোনাভাইরাস আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৬৪ জন, আলমডাঙ্গার ৩৩৯ জন, দামুড়হুদায় ৩১১ জন ও দামুড়হুদায় ১৯২ জন সুস্থ হয়েছেন।
গত সোমবার জেলা স্বাস্থবিভাগ করোনা পরীক্ষার জন্য ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং একটি নমুনাসহ মোট ২৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিস প্রকাশ করেন। এর মধ্যে ১০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। বাকী ১৮ জনের নমুনার ফলাফল নেগেটিভ আসে। এদিকে, গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ২৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৬৮৭টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৪৬০টি, পজিটিভ ১ হাজার ৯৩৯টি। শেষখবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৬৮ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৬ জন, আলমডাঙ্গায় ৪ জন, দামুড়হুদায় ২৫ জন ও জীবননগরে ১৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫৫ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, আলমডাঙ্গায় ৪ জন, দামুড়হুদায় ১৫ জন ও জীবননগরে ১৩ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ২ জন ও দামুড়হুদার ১০ জনসহ মোট ১২ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ১ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।
কমেন্ট বক্স