‘হত্যাকারীদের ফাঁসির দাবি, না হলে কঠোর আন্দোলন’
- আপলোড তারিখঃ
২৬-০৫-২০২১
ইং
জীবননগরে স্কুলছাত্র মাহফুজ হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
জীবননগর অফিস:
জীবননগরে স্কুলছাত্র মাহফুজ হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগরবাসী ও স্কুলের ছাত্র সমাজের আয়োজনে জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে কিশোর মাহফুজ হত্যার বিচারের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নিহত মাহফুজ জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলামের ছেলে। সে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ছোট বাবু, সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্র মাহফুজকে যারা পিটিয়ে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করা হবে। এদিকে, আটককৃত আসামিরা যাতে মুক্তি না পায়, এবং আর কোনো মা-বাবার বুক খালি না হয়, তার সুষ্ঠু বিচারের দাবি করেছেন মাহফুজের বাবা-মাসহ পরিবারের লোকজন।
উল্লেখ্য, সম্প্রতি যশোর শহরের রেলরোড এলাকায় যশোর মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রে জীবননগরের মাহফুজকে সুচিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহফুজকে বেধড়কভাবে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মাহফুজের বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই দিন রাতে মাদক নিরাময় কেন্দ্রের মালিকসহ ১৪ জনকে আটক করে।
কমেন্ট বক্স