স্কুল-কলেজ খোলাতে শিক্ষার্থীদের জোর দাবি
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০২১
ইং
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা তাঁদের সার্বিক দিক বিবেচনা করে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশের সবকিছুই যদি স্বাস্থ্যবিধি মোতাবেক খোলা হয়ে থাকে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হবে না? সেশনজট, লকডাউন মিলিয়ে এক বর্ষেই তিন বছর পার করে ফেলেছি। এখন শুধুই হতাশা বাড়ছে। শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনা না থাকার কারণেই আমরা আজকে এই সমস্যায় পড়েছি। শিগগিরই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা যদি এখন জ্ঞানের কথা চিন্তা না করতে পারি তাহলে কখনোই উন্নতি সম্ভব না। ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত তৃতীয় বর্ষেই আছি। শপিংমল থেকে শুরু করে সবকিছুই কমবেশি খোলা আছে। বন্ধ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের উচিত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া।’
কমেন্ট বক্স