গাংনীতে প্রকাশ্যে বোমা বিষ্ফোরণ মামলায় ২১ আসামির আত্মসমর্পণ
- আপলোড তারিখঃ
২৪-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে প্রকাশ্যে পাঁচটি বোমা বিষ্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষের মামলায় একপক্ষের ২১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাফিয়া সুলতানার আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন। আদালতের কাছে আত্মসমর্পণকারীদের জামিন আবেদন করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কোর্ট পরিদর্শক (সিএসআই) গোলাম মহাম্মদ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুল ও নৌকা মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুকের সমর্থকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পাঁচটি বোমার বিষ্ফোরণ ঘটে। আহত হন উভয়পক্ষের চারজন। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেন। চেয়ারম্যান পক্ষে মাবিয়া মলদারের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ২৬ জনকে আসামি করে একটি মামলা করেনন। যার মামলা নম্বর ২১/২০২১। অপর দিকে, গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে ২৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২২/২০২১। মামলাটি দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আব্দুর রাজ্জাক ও এসআই গোলাম মোস্তফাকে।
রাকিবুল ইসলাম টুটুলের দায়েরকৃত মামলার প্রথম দিনেই এক আসামি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান টোকনসহ উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে গাংনী থানা পুলিশ। বাকি আসামিরা পলাতক অবস্থায় থেকে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ জন আসামিদের মধ্যে ২১ জন গতকাল আত্মসমর্পন করেন।
কমেন্ট বক্স