চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত ১০
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় ও দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও দামুহুদার চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। গুরুতর জখম অবস্থায় চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন- দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫০), একই এলাকার মুলক চাঁদ (৫০), জসিম (৩৫), ছয়ঘরিয়া গ্রামের মালেক চাঁদ (৪৫), জয়নগর গ্রামের খোকন (৩৫), আব্দুল মালেক (৪২), পারকেষ্টপুর গ্রামের রিণ্টু ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলী আহম্মেদের ছেলে রুহুল আমিন (৪২)।
জানা যায়, গতকাল শনিবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে থেকে একদল শ্রমিক কাজ শেষে আলমসাধুযোগে লোকনাথপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথের মধ্যে লোকনাথপুর কবরস্থানের নিকট পৌঁছালে আলমসাধুটিকে ওভারকেট করার সময় পিছন থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এসময় আলমসাধূটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এসময় আলমসাধুতে থাকা প্রত্যেকে আহত হয়।
এদিকে, চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় থেকে নিজ রিকসা নিয়ে বড় বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ক্লাবের সামনে একটি ইজিবাইক রিকসাটিকে ধাক্কা দেয়। এসময় রিকসাচালক রুহুল আমিন গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা জখম রুহুল আমিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
কমেন্ট বক্স