তাপদাহে অতিষ্ঠ জীবন
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
অসহ্য গরমে অতিষ্ঠ মানুষ। বিপর্যস্ত জনজীবন। মানুষ ঘরেও টিকতে পারছেন না। প্রাণিকুলের দুর্বিষহ পরিস্থিতি। শহর থেকে গ্রামে-সর্বত্র একই অবস্থা। সবচেয়ে বেশি পুড়ছে শ্রমজীবী মানুষ। তাপদাহে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। গরমের কারণে গতকাল রাস্তাঘাটে মানুষ দেখা গেছে কম। গত কয়েক দিন ধরেই প্রচণ্ড গরম পড়ছে। দিনে দিনে গরমের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। গতকাল শনিবারের গরম অনেকটাই মাত্রা ছাড়িয়ে গেছে। বৃষ্টি ছিল না কোথাও। চুয়াডাঙ্গা শহরের এক বাসিন্দা জানান, দুপুরে গোসল করতে গিয়ে আঁতকে ওঠেন। হঠাৎ শাওয়ারের পানিতে শরীরটা যেন পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ গরম পানি ঢেলে দিচ্ছে। মনে হচ্ছিল ফুটন্ত পানি। রোদে বাড়ির ট্যাংকির পানি এতটা গরম হতে পারে তা ধারণার বাইরে। এদিকে, তাপদাহে সবচেয়ে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে শ্রমজীবী মানুষ। গতকাল তাদেরকে দেখা যায় সীমাহীন কষ্টের মধ্যে। অনেক রিকশাওয়ালাকে দেখা গেছে রিকশা থামিয়ে ছায়ার মধ্যে বসে আছেন। কবির নামে এক রিকশাওয়ালা গতকাল বলেন, গরমের কারণে রিকশা চালাতে পারেননি। গতকাল অসংখ্য শ্রমজীবীকে এভাবে রাস্তার পাশে বিশ্রাম নিতে দেখা যায়। রাস্তার পাশের দোকানগুলো গতকাল ছিল ক্রেতাশূন্য। ফুটপাথের এক ব্যবসায়ী বলেন, স্বাভাবিক দিনে যে বেচাবিক্রি হয় তার তুলনায় গতকাল চার ভাগের এক ভাগও হয়নি। গরমের কারণে দোকান ছিল প্রায় ক্রেতাশূন্য। দোকানদাররাও ঠিকমতো দোকানে বসতে পারেননি। অনেকে দুপুরের আগেই দোকান বন্ধ করে চলে যান।
কমেন্ট বক্স