ল্যাপটটি ফেরত আনলেন আরএমও, চোর অধরা!
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২১
ইং
মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরির ঘটনা
গাংনী অফিস:
মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার হাসপাতাল ভবনের অফিস কক্ষ থেকে ল্যাপটপটি চুরি হয়। এবিষয়ে গাংনী থানায় একটি চুরির অভিযোগ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি.বি সেকশনে জিন এক্সপার্ট মেশিনের সাথে এই ল্যাপটপটি ব্যবহার করা হতো। অত্যাধুনিক এই ল্যাপটটি বিশেষ ল্যাপটপ হিসেবে পরিচিত। টেকনিশিয়ান মাখন এইচপি কোম্পানীর ল্যাপটপটি ব্যবহার করতেন। গত শুক্রবার অফিস বন্ধের সময় ওই কক্ষটিও বন্ধ ছিল। এর মধ্যে কোনো একব্যক্তি ল্যাপটপ, মাউস ও কি-বোর্ড চুরি করে নিয়ে যায়। গতকাল শনিবার হাসপাতালে গিয়ে বিষয়টি টের পান স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে, হাসপাতালের গুরুত্বপূর্ণ ল্যাপটপটি উদ্ধারের জন্য গাংনী স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্তকর্তা (আরএমও) ডা. বিডি দাসকে চাপ দেয় কর্তৃপক্ষ। এর একপর্যায়ে তিনি ল্যাপটপটি ফেরত আনতে সক্ষম হন। তবে কার কাছ থেকে কীভাবে ফেরত আনা হলো তা নিয়ে পরিস্কার কিছু জানাননি আরএমও। এনিয়ে চলছে নানা সমালোচনা। তবে ল্যাপটপ ফেরত আনা হলেও মাউস কি-বোর্ড ফেরত পায়নি কর্তৃপক্ষ।
এবিষয়ে জানতে চাইলে আরএমও বিডি দাস বলেন, ‘ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে, তবে কোথায় থেকে উদ্ধার হয়েছে এই মুহূর্ত তা বলা সম্ভব হচ্ছে না।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফ পিও আহাম্মেদ রাইহান শরিফ বলেন, ‘শুক্রবার সন্ধায় টি.বি কক্ষ থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার হয়েছে। তবে চোর কে তা শনাক্ত হয়ান। পুলিশ তদন্ত করে এর সুরাহা করবেন বলে আশা প্রকাশ করছি।’
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, ‘হাসপতাল কর্তৃপক্ষের অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ল্যাপটপটি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
কমেন্ট বক্স