হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঁচজন
- আপলোড তারিখঃ
২২-০৫-২০২১
ইং
দর্শনা সীমান্ত দিয়ে আরও ৮১ জনের দেশে প্রবেশ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ৮১ জন বাংলাদেশির কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে এই ৮১ জন দেশে প্রবেশ করেন। এর মধ্যে শরীরে করোনা উপসর্গ থাকায় পাঁচজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে পরবর্তীতে তিনজনকে তাঁদের ইচ্ছায় হোটেল শয়নবিলাসে নেওয়া হয়। বাকি ৭৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ৫৫ জন, ড্রিম ভ্যালিতে ১৫ জন ও ঝিনাইদহে ৩ জন রয়েছেন। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত পাঁচ দিনে মোট ৪১৫ জন দেশে ফিরলেন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৮১ জন। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসা নতুন এই ৮১ জনের মধ্যে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। পুলিশি পাহারায় গতকালই তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালে ও মাইক্রোযোগে টিটিসিসহ বিভিন্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে পাঁচ দিনে বাংলাদেশে প্রবেশকারী ৪১৫ জনের মধ্যে মোট সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সাতজনই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, ‘গতকাল ভারতফেরত আরও দুজনকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। পূর্বের চারজন কোয়ারেন্টাইনসহ বর্তমানে ৬ জন হাপাতালের কোয়ারেন্টাইনে আছে। এছাড়াও পূর্বের ভারতফেরত করোনা শনাক্ত চারজন হাসপাতালের আইসোলেশনে আছেন। করোনা শনাক্ত চারজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।’
কমেন্ট বক্স