প্রায় ২৭ হাজার মানষের ২য় ডোজ নিয়ে অনিশ্চয়তা!
- আপলোড তারিখঃ
২২-০৫-২০২১
ইং
চুয়াডাঙ্গায় করোনা ভ্যাকসিনের মজুদ শূন্য, দুশ্চিন্তায় ভ্যাকসিন গ্রহণকারীরা
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন মজুদ শূন্য হয়ে পড়েছে। প্রথম ডোজ গ্রহণকারীর মধ্যে প্রায় ২৭ হাজার মানুষের ২য় ডোজ গ্রহণে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। ফলে দুশ্চিন্তায় ভ্যাকসিন গ্রহণকারীরা। এ অবস্থায় ২য় ডোজ না পাওয়াদের জন্য এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ- যারা এক ডোজ পেয়েছেন, ভ্যাকসিন এলেই তাঁরা ২য় ডোজ পাবেন। তবে যতদিন না ভ্যাকসিন আসছে, ততদিন সাবধানে থাকতে হবে। গত বৃহস্পতিবার (২০ মে) চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে স্টোরে কোভিড-১৯ ভ্যাকসিনের মজুদ শূন্য হয়ে পড়ে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, গত ২০ মে চুয়াডাঙ্গার কোভিড-১৯ ভ্যাকসিন মজুদ শেষ হয়ে গেছে। তিনি জানান, গত জানুয়ারি মাসের ২৯ তারিখ থেকে সর্বশেষ ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯৭ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া যায়। এর মধ্যে থেকে কুষ্টিয়া ও মেহেরপুর জেলাকে ৫ হাজার ৫ শ ডোজ দেওয়া হয়।
এদিকে, চুয়াডাঙ্গার জন্য অবশিষ্ট ৯১ হাজার ৫ শ ডোজের ভ্যাকসিনের মধ্যে জেলায় ভ্যাকসিন গ্রহণ করতে মোট রেজিস্ট্রেশন করেন ৬৬ হাজার ৫৭৬ জন। এর মধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন ৫৭ হাজার ৮৭১ জন।
উল্লেখ্য, প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণকারীর মধ্যে ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩২ হাজার ১০৪ জন। কিন্তু বর্তমানে ২৬ হাজার ৭৬৭ জন ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের অপেক্ষায় রয়েছে। এসব দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিরা দুঃশ্চিন্তায় আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ ভ্যাকসিন যতদিন না পাবে, ততদিন সাবধানে থাকতে হবে। প্রসঙ্গত, চুয়াডাঙ্গায় করোনা ভ্যাকসিন প্রদানে ৫৪% অগ্রগতি হয়েছে।
কমেন্ট বক্স