মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোজিনা ইসলামকে হেনস্থার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২১ ইং
রোজিনা ইসলামকে হেনস্থার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আলমডাঙ্গা, জীবননগর ও ঝিনাইদহে মানববন্ধনে বক্তারা সমীকরণ প্রতিবেদন: স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে আলমডাঙ্গা, জীবননগর ও ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এসব কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। আলমডাঙ্গা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আলমডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আলমডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে আলমডাঙ্গা বিভিন্ন প্রিন্ট ও স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সংবাদকর্মীদের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান ও প্রভাষক আমিরুল ইসলাম জয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রহমান মুকুল, সহ-সভাপতি মৌলভী আবুল কাশেম, জামসিদুল হক মুনি, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ-সম্পাদক রুনু খন্দকার, সৈয়দ সাজেদুল হক, শরিফুল ইসলাম, তানভীর আহম্মদ সোহেল, অনিক সাইফুল, কে এ মান্নান, সোহাগ, আশরাফুল হক ডাবলু, সোহেল হুদা, আবুল কাশেম টুকু, গোলাম সরোয়ার সদু, নাহিদ হাসান, খন্দকার কাইরুল মামুন, হাসানুজ্জামান প্রমুখ। জীবননগর: `` দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জীবননগরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাইগার চত্বরে জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে জীবননগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সংবাদকর্মীদের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। নিজেদের অপকর্ম ঢাকতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোজিনা ইসলামকে অপরাধী সাজানোর চেষ্টা করছে। মানববন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যমকর্মীরা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অসত্য। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে জীবননগরের গণমাধ্যমকর্মীরা স্বেচ্ছায় কারাবরণের হুমিক দেন। জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ, দৈনিক কালের কণ্ঠের জহিরুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, মেহেরপুর প্রতিদিন পত্রিকার মাজেদুল ইসলাম মিল্টন, ফয়সাল খবির, চাষী রমজান প্রমুখ। ঝিনাইদহ: `` পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহে তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। ঝিনাইদহ প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু। এছাড়া ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু বক্তব্য দেন। বক্তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্থার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিক গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে রোজিনার মুক্তি দাবি করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী