চুয়াডাঙ্গায় নতুন দুজন শনাক্ত, সুস্থ ৩
- আপলোড তারিখঃ
২০-০৫-২০২১
ইং
সারা দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৬০৮
সমীকরণ প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। নতুন করে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৬০৮ জন। গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮ জনের। এর আগে গত মঙ্গলবার দেশে করোনায় ৩০ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় এক হাজার ২৭২ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০৭ জন। গতকাল নতুন শনাক্ত দুজনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। জেলায় মোট শনাক্তের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১৩ জন, আলমডাঙ্গায় ৩৬০ জন, দামুড়হুদায় ৩৩০ জন ও জীবননগরে ২০৪ জন। গতকাল জেলায় আরও তিনজন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৮৬ জন।
জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ১৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পেরণ করে। গতকাল পূর্বের পেন্ডিং নমুনা ও উক্ত নমুনাসহ ১৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে দুটি নমুনায় করোনা শনাক্ত হয় ও বাকী ১৪টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। এদিকে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ৩৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৫২টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৫৫২টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৩০৬টি, পজিটিভ ১ হাজার ৯০৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৬২ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৬ জন, আলমডাঙ্গায় ৪ জন, দামুড়হুদায় ১৬ জন ও জীবননগরে ১৬ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৭ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গায় ১ জন, দামুড়হুদায় ১২ জন ও জীবননগরে ১৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৫ জন ও আলমডাঙ্গায় ৩ জন ও দামুড়হুদায় ৪ জনসহ ১২ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ৩ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে সদর উপজেলার ২২ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স