মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায়’

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২১ ইং
‘নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায়’
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ স্মারকলিপি গ্রহণকালে ডিসি নজরুল ইসলাম বললেন- অন্যায়ের পক্ষে কোনো দিনই ছিলাম না এবং আমরা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে আছি সমীকরণ প্রতিবেদন: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং তাঁর নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মাননবন্ধন, স্মারকলিপি পেশ, অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। চুয়াডাঙ্গা: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং তাঁর নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকেরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব আয়োজিত এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন প্রথম আলো চুয়াডাঙ্গা বন্ধুসভা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ইউনিট। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির নেতৃত্বে সাংবাদিকেরা বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার নিজ হাতে স্মারকলিপিটি গ্রহণ করেন। জেলা প্রশাসক এসময় বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি। অন্যায়ের পক্ষে কোনো দিনই ছিলাম না। যে অন্যায় করবে, সে শাস্তি পাবে, সে যেই হোক।’ সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি স্মারকলিপিটি পড়ে শোনান। স্মারকলিপিতে বলা হয়েছে- মানুষের স্বাস্থ্যের অধিকার নিয়ে প্রতিবেদন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে নিপীড়িত হয়ে বর্তমানে জেলে অবস্থান করছেন। রোজিনাকে গ্রেপ্তারের মাধ্যমে সত্য প্রকাশের বিরুদ্ধে এই অবস্থান দেশের সংবিধান ও স্বাধীনতার চেতনার পরিপন্থী, দুঃসহ ও চরম অগ্রহণযোগ্য। ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসের আওতায় সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যুগে এই সময়ে ব্রিটিশ আমলে করা আইনে মামলা দায়ের সংশি¬ষ্টদের সংবাদপত্রের কণ্ঠরোধের নেতিবাচক মনোভাব ও অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। যা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন হুমকি। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরণের হীনচেষ্টা সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয় ও পেশাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যায়। নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। এদিকে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহিদ মিনারে এক ঘণ্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক আজাদ মালিতা বক্তব্য দেন। বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও নাগরিকের মানবিক মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। কারণ-বিভিন্ন দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে রোজিনা ইসলাম যাদের রোষানলে পড়েছেন, তাঁরাই এ দেশে সৎ সাংবাদিকতার কণ্ঠ রূদ্ধ করতে তাঁকে এভাবে হেনস্তা এবং তাঁর বিরুদ্ধে মামলা সাজিয়েছে। আমরা সাংবাদিক রোজিনার বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, নিঃশর্তভাবে তাঁকে মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি। এবং একই সাথে তাঁকে হেনস্তাসহ পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। গতকালের আন্দোলন কর্মসূচিতে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক রহমান ও বর্তমান সহ-সম্পাদক ইসলাম রকিব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, আলমডাঙ্গা ইউনিটের সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মুনি, সিনিয়র সাংবাদিক এম এম আলাউদ্দিন, শেখ সেলিম, মিজানুল হক মিজান, সাংবাদিক নেতা রিফাত রহমান, আতিয়ার রহমান, আবুল হাশেম, আব্দুস সালাম, সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সোহেল রানা ডালিম, মেহেরাব্বিন সানভী, শামসুজ্জামান রানা, পলাশ উদ্দিনসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন। দর্শনা: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা রিকশা স্ট্যান্ড বটতলায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জীবননগর, হিজলগাড়ী ও হাসাদাহ প্রেসক্লাবের সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও দর্শনার ভালোবাসার বন্ধন সংগঠন অংশ নেয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল ও সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, ভালোবাসার বন্ধনের সদস্য আসাহাবুল হক, রফিকুল হাসান তোতা, হেলাল উদ্দিন, শামীম হোসেন মিজি প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি দিতে হবে। উপ-সচিবের বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে আগামীতে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। মেহেরপুর: অনুসন্ধানী ও দুর্নীতি সম্পর্কিত তথ্য সংগ্রহের সময় প্রথম আলোর সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ডিএম মকিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য সাঈদ হোসেন ও মিনারুল ইসলাম। বক্তারা বলেন, রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সেইসাথে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হোক। মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, অর্থ সম্পাদক এস আই বাবু, নির্বাহী সদস্য হামিদুল ইসলাম, সদস্য রাব্বি আহম্মেদ, কাজিমুল হক, আরিফ খান, সেলিম রেজা, কাজল মাহমুদ, সাজিবুল ইসলাম, মো. সাঈদ, রাব্বি আহমেদ, শেখ মোহাম্মদ সান, শ্রাবন খান সোহান প্রমুখ। ঝিনাইদহ: সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলাজুড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শহর ছাড়াও হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সাংবাদিকরা রোজিনা ইসলামের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় বক্তব্য দেন আহম্মেদ নাসিম আনসারী, রাজিব হাসান, লোটাস রহমান সোহাগ, এম এ জলিল, শামিমুল ইসলাম শামিম, সাহিদুল এনাম ও ওমর আলী সোহাগ প্রমুখ। হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমকালের এম সাইফুজ্জামান তাজু, ইত্তেফাকের শাহিনুর আলম, নয়া দিগন্তের মাহবুব মোর্শেদ শাহিন ও দৈনিক নবচিত্র পত্রিকার এইচ মাহবুব মিলু প্রমুখ। শৈলকুপা উপজেলায় স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি শেষে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সম্পাদক শাহিন আক্তার পলাশ, সমকালের তাজনুর রহমান ডাবলু, লোকসমাজের মফিজুল ইসলাম, ডিবিসি নিউজের আব্দুর রহমান মিল্টন প্রমুখ। কোটচাঁদপুর শহরেও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করে রোজিনা গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। এসব সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে একজন সৎ ও নির্ভিক সাংবাদিককে জেলে দিয়েছেন। যে সাংবাদিক একের পর এক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিবেদন করে যাচ্ছিলেন। তার প্রতিবেদনে উঠে আসছিল ওই খাতের সব অনিয়ম আর দুর্নীতি। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের অঢেল সম্পদের উৎস খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। কালীগঞ্জ: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জাতীয়, আঞ্চলিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত কালীগঞ্জের সাংবাদিকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কালীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে, ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকালের প্রতিনিধি জামির হোসেন, সরেজমিনের জাকারিয়া হোসেন, কালের কণ্ঠের নয়ন খন্দকার, মাইটিভির মিঠু মালিথা, আরটিভির শিপলু জামান, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ^াস ও ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য। লোকসমাজের কালীগঞ্জ প্রতিনিধি শাহাজান আলী সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র তুলে ধরে জাতির কল্যাণে কাজ করেছেন। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বানোয়াট মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী