চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
২০-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জিহাদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত জিহাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সুজায়েতপুর গ্রামের শুকুর আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, গতকাল বিকেলে নিজ বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলা করছিল শিশু জিহাদ। এসময় একটি সাপ তাকে কামড় দিলে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে পরিবারেরর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে সাপের বিষ নামতে গ্রাম্য এক ওঝার নিকট নিয়ে যায়। ওঝার ঝারফুকে কোন কাজ না হলে শিশুটি আরও অসুস্থ্য হয়ে পড়ে। রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা শিশু জিহাদকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. সাজিদ হাসান বলেন, ‘রাত ৯টার দিকে শিশুটিকে তার পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নেয়। বিকেলে শিশুটিকে সাপে কামড়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। সাপে কামড়ের অনেক সময় বিলম্বের পর তাকে জরুরি বিভাগে নেয় হয়। জরুরি বিভাগে শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।’
কমেন্ট বক্স