বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, দুইপক্ষের সংঘর্ষে আহত ৫

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, দুইপক্ষের সংঘর্ষে আহত ৫
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের কুকিয়াচাঁদপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন- কুকিয়াচাঁদপুর গ্রামের স্কুলপাড়ায় কাশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩২) একই এলাকার মৃত আব্দুল বাড়ি ওরফে খোকাইয়ের ছেলে রমজান আলী (৫৫), রমজান আলীর স্ত্রী রুশিনা বেগম (৫০), তাঁদের ছেলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের আইটসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী জাকির হোসেন (৩২) ও প্রতিবেশী হাইদারের স্ত্রী ছকিনা বেগম (৫০)। জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত আব্দুল বাড়ি ওরফে খোকাইয়ের দুই ছেলে কাশেদ আলী ও রমজান আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল জমির সঠিক বণ্টনের জন্য আমিন ডেকে জমি পরিমাপ করা হয়। এসময় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুলের ডান হাতে একটি কোপ লাগে, সংঘর্ষ ঠেকাতে গেলে প্রতিবেশী ছকিনার হাতেও একটি কোপ লেগে জখম হয়। এসময় রমজান আলী তাঁর স্ত্রী রুশিনা বেগম ও ছেলে জাকির হোসেন জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জখম হাফিজুর বলেন, ‘আমাদের জমির সঠিক পরিমাপের জন্য আমিন ডেকে আনা হয়। জমি পরিমাপের সময় জাকির ঝামেলা শুরু করে। জাকিরকে ঝামেলা করতে নিষেধ করলে সে আমার হাতে একটি দা দিয়ে কোপ মেরে জখম করে।’ এবিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘জমি পরিমাপের সময় হাফিজুল আমাদেরকে গালি-গালাজ করতে থাকে। আমার বাবা গালি দিতে নিষেধ করলে হাফিজুল বাবাকে স্যান্ডেল দিয়ে আঘাত করে। এসময় আমি ঠেকাতে হাফিজুলের হাতে আঘাত লাগে। আমার বাবা ও মা ঠেকাতে এলে তারাও আহত হন। একই সময় প্রতিবেশী ছকিনা বেগমও জখম হয়।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, আহতদের মধ্যে হাফিজুলের হাতে গুরুতর জখম হয়েছে। এছাড়া অন্যদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের লোকজনই আহত হয়েছে। আমরা একপক্ষের অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’