মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এবারও ঈদের নামাজের জামাত মসজিদে

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
এবারও ঈদের নামাজের জামাত মসজিদে
চুয়াডাঙ্গা পবিত্র ঈদ-উল ফিতর উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর-২০২১ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে ডিসি নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অতীব জরুরি। ইতোমধ্যে ধর্ম-মন্ত্রণালয় থেকে মসজিদে নামাজ আদায়ে কতিপয় নির্দেশনা জারি করা হয়েছে। সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করা হচ্ছে। এ কারণে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত করা যাবে।’ ধর্ম-মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবেনা। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদে ওযুর স্থানে সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে। ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। সভায় করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও, করোনাভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা হয়। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরাসরি ও জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী