ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৭ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামে আগুনে পুড়ে তানিশা নামের ৭ মাসের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে ভষ্মিভুত হয়েছে তিনটি ঘর। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার ওই গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।
গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অন্যঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা ৭ মাসের কন্যা শিশু তানিশা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনার পর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করে ৫টি কম্বল, ৩ বান টিনসহ নগদ টাকা সহযোগিতা দিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক মজিবর রহমান ২০ হাজার টাকা ও ২০ কেজি চাল প্রদান করেছেন।
কমেন্ট বক্স