রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগে যাত্রীরা, নেই সমাধান!
- আপলোড তারিখঃ
০৬-০৫-২০২১
ইং
জীবননগরে উদ্বোধনের ছয় বছরেও আলোর মুখ দেখেনি যাত্রী ছাউনী
মিঠুন মাহমুদ:
জীবননগরে উদ্বোধনের ছয় বছর পার হলেও আলোর মুখ দেখেনি যাত্রী ছাউনী। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোদ, বৃষ্টি ও ঝড়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু এ সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছেন না কেউ।
জানা গেছে, ২০১৪ সালে চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে জীবননগর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনী নির্মাণকাজের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত যাত্রী ছাউনী আলোর মুখ দেখেনি।
জীবননগর বাস শ্রমিকরা বলছেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দূরপাল্লার ও লোকাল বাসগুলো জীবননগরের ওপর দিয়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, মাগুরা, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। এসব বাসে ওঠার জন্য কয়েক হাজার বাসযাত্রীকে জীবননগর বাসস্ট্যান্ডে এসে প্রতিদিন রোদে পুড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। বৃষ্টি ও ঝড় শুরু হলে অপেক্ষামান বাসযাত্রীদের আশ্রয়ের কোনো স্থান থাকে না। যাত্রী ছাউনীর অভাবে জীবননগর বাসস্ট্যান্ডে প্রতিদিন বাসযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলছেন, ‘আমরা শুনলাম জীবননগর শহরের যে যাত্রী ছাউনী হওয়ার কথা ছিল, সেটা নাকি মনোহরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে হবে, এটা কীভাবে হয়। যাত্রী ছাউনী যেখানে নির্মাণ করা হচ্ছিল, সেখানে নির্মাণ করলে ভালো হবে। এটা যদি জীবননগর শহর বাদে কোথাও নির্মাণ করা হয়, তাহলে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে যাবে।’
এদিকে জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘জীবননগরে শহরে যাতে দ্রুত যাত্রী ছাউনী নির্মাণ করা হয়, সে বিষয়ে আমি পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেব এবং উদ্বোধনের পরও কেন যাত্রী ছাউনী নির্মাণ করা হয়নি, সে বিষয়েও তথ্য নিব।’
কমেন্ট বক্স