জেলার ১৯ হাজার মানুষের দুটি ডোজ গ্রহন সম্পন্ন
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২১
ইং
লকডাউনের মধ্যেও চুয়াডাঙ্গায় গণটিকাদান কর্মসূচি অব্যাহত
নিজস্ব প্রতিবেদক:
লকডাউনের মধ্যেও চুয়াডাঙ্গায় দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচির অব্যাহত রয়েছে। গতকাল বুধবার জেলায় ৬৪৭ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে সদর উপজেলার ১৯৬ জন, আলমডাঙ্গার ১১৫ জন, দামুড়হুদার ৯৫ জন ও জীবননগরের ৭৯ জন। এখন পর্যন্ত জেলায় মোট করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ৩৮১ জন। এর মধ্যে সদর উপজেলার ৬ হাজার ৭৪১জন, আলমডাঙ্গার ৫ হাজার ২৩জন, দামুড়হুদার ৪ হাজার ৩৮৮ জন ও জীবননগের ৩ হাজার ২২৯ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ১২ হাজার ৬৪১ জন পুরুষ ও ৬ হাজার ৭৪০ জন নারী।
জানা যায়, করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। চলতি মাসের ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এইদিন চুয়াডাঙ্গা জেলার জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ডোজের প্রথম ধাপে ৩ হাজার ৯শ ভায়েল বা ৩৯ হাজার টিকা বুঝে নেন জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।
এদিকে, গত ২৫ তারিখ চুয়াডাঙ্গায় সর্বোশেষ করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়। ২৬ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়তেও করোনা টিকার প্রথম ডোজ প্রদান কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ৫৭ হাজার ৮৭১ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৬৪৯ জন, আলমডাঙ্গায় ২৭ হাজার ৮৮২ জন, দামুড়হুদায় ১২ হাজার ৪৩২ জন ও জীবননগরে ৬ হাজার ৯০৮ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা টিকাদান কমিটির আহ্বায়ক ডা. আওলিয়ার রহমান বলেন, ‘জেলায় প্রথম ধাপের করোনার টিকা পৌঁছানোর পর ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৫৬ হাজার ৬১৯ জন প্রথম ধাপের টিকা গ্রহণ করে। ৭ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। জেলায় এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ হাজার ৮৭১ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ৩৮১ জন। বর্তমানে ১ হাজার ৭৮৭ ভায়েল টিকা অবশিষ্ট রয়েছে। এই টিকা দিয়ে আরও ১৭ হাজার ৮৭০ জনের শরীরে দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে। এই টিকা শেষ হয়ে গেলে পরবর্তীতে টিকা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিকা এলে আবার টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে।
কমেন্ট বক্স