সড়ক দুর্ঘটনায় স্বামীর মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২১
ইং
ক্যানসার আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরা হলো না
আলমডাঙ্গা অফিস:
স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আলমডাঙ্গার হারদী গ্রামের আব্দুর রশিদ। গতকাল বুধবার ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া খাজানগরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হারদী গ্রামের খেদ আলীর ছেলে আব্দুর রশিদের (৩৬) স্ত্রী ক্যানসারে আক্রান্ত। গতকাল অ্যাম্বুলেন্সে স্ত্রীকে সিরাজগঞ্জ হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন তিনি। বেলা ১১টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্স কুষ্টিয়ার বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা সকলে আটকা পড়েন। এতে অ্যাম্বুলেন্সের সকলেই গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস এসে অ্যাম্বুলেন্সের দরজা কেটে তাঁদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওসমানপুর গ্রামের চাঁদ মিয়া ও হেলপার দামুড়হুদার কুড়ালগাছির মিঠুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে আরও কয়েকজন যাত্রী ছিলেন, তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই কম-বেশি আহত হয়েছেন।
কমেন্ট বক্স