ক্লিনিক থেকে চুরি হওয়া সেই শিশু ১৫ ঘণ্টা পর উদ্ধার
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হয়ে যাওয়া সদ্য ভূমিষ্ট সেই কন্যাসন্তানকে ১৫ ঘণ্টা পর উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই পাড়ার প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পত্তির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রিয়া খাতুন ওরফে মিনারাকে আটক করেছে র্যাব। আটক প্রিয়া খাতুন ও জাহাঙ্গীর ওই এলাকায় রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থাকতেন। উদ্ধারের সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি উপস্থিত ছিলেন।
উদ্ধারের পর র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পর থেকেই চুরি হওয়া কন্যা শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাবের একাধিক টিম। এরপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর দাসপাড়ায় রয়েছে শিশুটি। পরে সেখানে অভিযান চালিয়ে প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পত্তির বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত প্রিয়া খাতুনকে আটক করা হয়। তবে স্বামী পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে প্রিয়া জানিয়েছেন দীর্ঘদিন তাঁদের সন্তান হচ্ছিল না। তাই দুজন পরামর্শ করে শিশুটিকে চুরি করেছিল। তবে আটক প্রিয়ার দাবি, ‘আমি বাড়ির পাশে শিশুটি পড়ে পেয়েছি।’
চুরি হয়ে যাওয়া শিশুর বাবা মনিরুল ইসলাম জানান, ‘সন্তান ফিরে পাওয়ার পর আমি এবং আমার পবিারের সবাই খুশি। র্যাবকে অসংখ্য ধন্যবাদ জানায়।’
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ইফতারের সময় কালীগঞ্জ শহরের একটি ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ট এই বাঁচ্চাটি চুরি হয়ে যায়। শিশুটি কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়া ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। সোমবার সন্ধ্যায় বাঁচ্চাটি হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং ক্লিনিক মালিকের ওপর হামলা করেন। এরপর শিশুটি উদ্ধারে মাঠে নামে ঝিনাইদহ র্যাব ও পুলিশের পৃথক কয়েকটি টিম।
কমেন্ট বক্স