মেহেরপুরের সাহারবাটিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, একজন আটক
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গাংনী থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ মামলায় একজনকে আটকও করেছে গাংনী থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় গত শনিবার সাহারবাটির মাবিয়া সরদারের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। গাংনী থানার মামলা নম্বর ২১/২০২১। অপর দিকে, একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে আরেকটি পাল্টা মামলা করে, যার নম্বর ২২/২০২১। গতকাল রোববার দুপুরে রাকিবুল ইসলাম টুটুলের করা মামলায় আতাউর রহমান টোকন নামের একজনকে আটক করেছে পুলিশ। সাহারবাটি চারচারা বাজার থেকে তাঁকে আটক করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, সাহারবাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রেসারেসি চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। একজন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটে। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করে।
কমেন্ট বক্স