লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা, দামুড়হুদায় ৮ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে বের হওয়ায় ৮ জনের নিকট থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গতকাল রোববার দিনভর জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে ও অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ জনকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানার পুলিশ।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন দেওয়া হয়েছে। সেই লক্ষে প্রয়োজনীয় জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে অযথা বের হবেন না। বের হলেই কঠোর আইনে পদক্ষেপ নেওয়া হবে। এ অভিযান পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স