চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ, অতিষ্ঠ জনজীবন
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই তাপমাত্রার পারদ বাড়তে থাকে এ অঞ্চলে। এতে নাভিশ্বাস উঠেছে এই এলাকার জনসাধারণের। গত বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে লকডাউন শুরু হওয়ায় বাজার-ঘাটে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম। তবে তীব্র গরমে বাড়িতেও আবদ্ধ থাকা কষ্ট হয়ে পড়ছে। আর যারা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছে, তারাও তাপদাহের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে। সবথেকে বেশি কষ্টে পড়েছেন রোজাদারেরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
কমেন্ট বক্স