কুয়েতে নিহত মামুনের লাশ দুই মাস পর আলমডাঙ্গায় পৌঁছেছে
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
কুয়েতে খুন হওয়ার দুই মাস পর মামুনের লাশ আলমডাঙ্গা পৌঁছেছে। গত মঙ্গলবার নিহত মামুনের লাশ আলমডাঙ্গা উপজেলার বিনোদপুরে তাঁর নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। ওইদিনই জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি কুয়েত প্রবাসী মামুন আলীকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ ৮ তলা থেকে নিচে ফেলা হয়। এ ঘটনায় আলমডাঙ্গার ডম্বলপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার ৫ কুয়েত প্রবাসী যুবককে আটক করে রেখেছে পুলিশ। একাধিক প্রবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের মিঠু আলীর ছেলে মামুন আলী (২২) ৪ বছর আগে কুয়েতে যান। তিনি কুয়েতের ফরনিয়া অঞ্চলে অন্যান্যের সাথে ৮ তলা বিল্ডিং-এ (ব্যারাকে) বসবাস করতেন ও একটি কোম্পানির গাড়ি চালাতেন।
হত্যাকাণ্ডের পর দাপ্তরিক সব ঝামেলা শেষে গত ১২ এপ্রিল মামুনের লাশ ঢাকায় পৌঁছায়। পরদিন ১৩ এপ্রিল লাশ বিনোদপুরে নিজ বাড়িতে পৌঁছায়। ওই দিনই বাদ জোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স