স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবক আটক
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাঁপানিয়া গ্রামের খাইরুল নামের এক যুবকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে ওই স্কুলছাত্রীকে ২ শ টাকার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভুট্টা খেতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন খাইরুল। এসময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত খাইরুলকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী বেলা তিনটার দিকে নান্দবার মালসা গাড়ির মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় স্কুলছাত্রীকে মাঠে একা পেয়ে হাঁপানিয়া গ্রামের মৃত নফল মণ্ডলের ছেলে খাইরুল তাকে অনৈতিক প্রস্তাব দেয়। সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ২ শ টাকার লোভ দেখিয়ে অনৈতিক কাজের জন্য জোরপূর্বক টেনে ভুট্টা খেতে নিয়ে যায়। এসময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে মাঠের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে খাইরুল দৌঁড়ে মাঠ থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী খাইরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় গতকাল সোমবার রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খাইরুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
কমেন্ট বক্স