দামুড়হুদায় ছয় মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা
- আপলোড তারিখঃ
১১-০৪-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় পৃথকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জন গাঁজা সেবনকারীকে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্র্যাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা জয়রামপুর গাতিরপাড়ার ইসরাইলের ছেলে মিলন (৩০), একই এলাকার নাজিম শাহর ছেলে ইনামুল (২৫), চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার মমতাজের ছেলে সিদ্দিক, দৌলাতদিয়াড়ের আজিজুলের ছেলে আসাদুল ইসলাম, দর্শনা কেরুজপাড়ার ফজলুর রহমানের ছেলে সাগর ও দর্শনা রেল কলনীপাড়ার আমির শেখের ছেলে তরিকুল ইসলাম।
জানা যায়, গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত পৃথকস্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দামুড়হুদা মডেল থানা পুলিশ, ও দর্শনা থানা পুলিশ। অভিযানে বিভিন্নস্থান থেকে গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। পুলিশের থেকে আটককৃতদের বিষয়ে জানতে পেরে দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/৫/৬ ধারায় দোষী সাবস্ত্য করে মিলন ও ইয়ানুলকে দুইদিনের কারাদণ্ড ও ৫০ করে টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গার সদর উপজেলার কেদারগঞ্জপাড়ার মমতাজের ছেলে সিদ্দিকে ১০ দিনের কারাদণ্ড ও ১শ টাকা, দৌলতদিয়াড়ের আজিজুলের ছেলে আসাদুল ইসলামকে ১০দিনের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা, দর্শনা কেরুজপাড়ার ফজলুর রহমানের ছেলে সাগরকে ১২দিনের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা ও দর্শনা রেল কলনীপাড়ার আমির শেখের ছেলে তরিকুল ইসলাম ১২ ঘণ্টা কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স