মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিল্পীদের বয়কট : স্বাধীনতা দিবসের সংগীত সন্ধ্যা পণ্ড

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২১ ইং
শিল্পীদের বয়কট : স্বাধীনতা দিবসের সংগীত সন্ধ্যা পণ্ড
গাংনীর ইউএনও’র বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ প্রতিবেদক, মেহেরপুর: স্বাধীনতা দিবসে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সংগীত সন্ধ্যা গাংনী শিল্পকলা একাডেমির শিল্পীরা বয়কট করায় তা পণ্ড হয়েছে। শিল্পীদের অভিযোগ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তাঁরা অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে চলে এসেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ। গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন জানান, ‘আমি শিল্পীদের অনুরোধে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আজকের আনুষ্ঠানের জন্য প্যাড, কি-বোর্ড ব্যবহারের অনুমতি চাই। তিনি আমার কথায় হঠাৎ রেগে যান। আমাকে বলেন, এ ব্যাপারে আপনি বলার কে? তিনি আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁর এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।’ গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা বলেন, ‘বাংলাদেশ সরকার শিল্প-সংস্কৃতির প্রসার ঘটানোর জন্য ব্যাপক ভূমিকা রেখে চলেছে। অথচ গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সব সময় শিল্প-সংস্কৃতিতে অনিহা দেখান। তাঁর এমন আচরণে আমরা শঙ্কিত।’ গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক সেলিম রেজা বলেন, ‘শিল্পকলার ছোট ছোট বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশন করে তাদের প্রতিভাকে বিকশিত করে। প্রত্যেকটি অনুষ্ঠানকে সামনে রেখে অনেক স্বপ্ন দেখে তারা। ইউএনও মহোদয়ের এমন আচরণ কখনোই কাম্য নয়।’ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, ‘তিনি একটু বেশিই করোনা করোনা করেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এমনিতেই সীমিত আকারে করা হয়েছে। লোকজনের উপস্থিতি তেমন নেই। সেক্ষেত্রে তিনি মহিলা ভাইস চেয়ারম্যানকে বুঝিয়ে বলতে পারতেন।’ এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, আগামী ২৮ তারিখে আমাদের একটি বড় অনুষ্ঠান আছে। সেক্ষেত্রে আজকের আনুষ্ঠানটি সন্ধ্যার পর স্বাভাবিকভাবেই করতে চেয়েছিলাম। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানে প্যাড, কি-বোর্ড, ড্রাম ব্যবহারের কথা বলেন। আমি তাতে দ্বিমত পোষণ করি। কিন্তু কেন শিল্পীরা চলে গেলেন, বুঝতে পারিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী