মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রভাবশালী মহলের মামলা, একজন আহত, জনমনে ক্ষোভ

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২১ ইং
প্রভাবশালী মহলের মামলা, একজন আহত, জনমনে ক্ষোভ
জীবননগরে শুরু হয়েছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সমীকরণ প্রতিবেদক: জীবননগরে সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা সড়ক ও জনপদ বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জীবননগর উপজেলার উথলী, শিয়ালমারী, সন্তোষপুর, মনোহরপুর বাসস্ট্যান্ডসহ সওজের জায়গায় অবৈধ দখলদারদের অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে কাঁচা-পাকা অবৈধ স্থাপনা। এদিকে, উচ্ছেদ অভিযান চলাকালে এ্যাক্সকেলিভেটরের আঘাতে মিনার আলী নামে (৫৫) একজন মারাত্মক আহত হয়েছেন। আহত মিনার আলী জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। এ সময় তাঁকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সওজের উচ্ছেদ অভিযান পরিচালনা চলাকালে দোকানের মালামাল অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব কাজ করার সময় সওজের আরও সতর্ক হওয়া উচিত ছিল। দুর্ঘটনার পরপরই তড়িঘড়ি করে ওই স্থানে আর অভিযান পরিচালনা না করে ঘটনাস্থল ত্যাগ করে গাড়িটি অন্যত্রে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিকজন অভিযোগ করে বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতাশীন দলের সাইনবোর্ড ব্যবহার করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। এসব অবৈধ স্থাপনা ক্ষমতার দাপটে না ভাঙার কারণে উচ্ছেদ অভিযান বিতর্কের মুখে পড়েছে। জীবননগরের উথলী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙলেও অবৈধভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা রাতারাতি দলীয় সাইনবোর্ড লাগিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে উচ্ছেদের হাত থেকে রক্ষা পায়। এলাকাবাসীর প্রশ্ন- কোন অদৃশ্য কারণে সকল স্থাপনা ভাঙলেও এটা ভাঙা হলো না। এর খুটির জোর কোথায়? এতে করে এলাকায় তীব্র সমালোচনার ঝড় বইছে, দেখা দিয়েছে নানা প্রশ্ন। এছাড়াও জীবননগর কলেজ রোড, হাসপাতাল রোড, বাসস্ট্যান্ডসহ জীবননগর প্রেসক্লাবের সামনে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে স্থায়ী স্থাপনা। ক্ষমতাশীন দলের প্রভাব দেখিয়ে প্রভাবশালী মহল এসব অবৈধ স্থায়ী স্থাপনা যাতে না ভাঙতে পারে, এই জন্য মামলাও করা হয়েছে। এলাকাবাসী মনে করেন, প্রভাবশালী মহলের দাপটে মামলা করে যদি এসব স্থায়ী স্থাপনা না ভাঙা হয়, তাহলে বিতর্কের মুখে পড়বে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা। অবৈধভাবে সওজের জায়গা দখল করে অনেক ছোট-বড় পাকা স্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা ও ভাড়া দেওয়া হয়েছে। জীবননগর প্রেসক্লাব ও বাসস্ট্যান্ডের সামনে অবৈধ স্থাপনা গড়ে তোলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির দখলদাররা। একাধিকবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য কারণে উচ্ছেদ হয়নি এসব অবৈধ স্থায়ী স্থাপনা। তবে এবার সকল বাধা-বিপত্তি অপেক্ষা করে প্রভাবশালী মহলের হাত থেকে অবৈধভাবে গড়ে উঠা এব স্থাপনা উচ্ছেদ হবে বলে প্রত্যাশা করেন সুধীমহল। উল্লেখ্য, জীবননগরের সড়ক ও জনপদ বিভাগের জায়গায় দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখলদাররা জীবন-জীবিকার তাগিদে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। কতিপয় ব্যবসায়ী তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের অগ্রভাগ বাড়িয়ে আঞ্চলিক সড়কের সাথে লাগোয়াভাবে তৈরি করেন। যার কারণে ওই সব সড়কগুলোতে যানবাহন চলাচল ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়াও জায়গা সংকটের কারণে বাসস্ট্যান্ড চত্বরে ছোট ইঞ্জিনচালিত যানবাহন ইজিবাইক, সিএনজি, পাখিভ্যান, আলমসাধু ও করিমন আঞ্চলিক সড়কের ওপরে রেখে দেওয়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়। একই সাথে পথচারী চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয়। জনগুরত্বপূর্ণ সড়কের যান চলাচল স্বাভাবিক করতে সওজের পক্ষ থেকে ২২ মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং ও গণবিজ্ঞপ্তি জারি করে। অন্যথায় সওজ কতৃপক্ষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম শুরু করবে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল জীবননগর উপজেলার উথলী, সন্তোষপুর, মনোহরপুর অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় সার্বিক সহযোগিতা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ প্রশাসনের অন্যান্য বিভাগের সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী